বিএনপি যত কর্মসূচি দেবে ততই জনবিচ্ছিন্ন হবে: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৫:০০
পবিত্র রমজান মাসে সংযম না করে বিএনপি যত কর্মসূচি পালন করবে, ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় তিনি এ মন্তব্য করেন। রমজানে বিএনপি সরকারবিরোধী কর্মসূচি চালিয়ে যাবে-সাংবাদিকদের এমন কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, এতে তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে।
তিনি আরও বলেন, আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করি। তাদের কথায় রাজনীতি করি না। রাজনৈতিকভাবে পরাজিত, বিপর্যস্ত বিএনপির পায়ের তলার মাটি ক্রমেই সরে যাচ্ছে। দেশের মানুষকে বাদ দিয়ে বিদেশিদের কাছে নালিশ করা– এই অসম্মানজনক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে।বিএনপি নেতাদের গ্রেফতার নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নিরপরাধ ব্যক্তি এখানে নিপীড়নের শিকার হচ্ছে না। যারা অপরাধী, সন্ত্রাস করে, আগুন সন্ত্রাসে জড়িত জনগণের জানমাল রক্ষায় তাদের ছাড় দেওয়া কোনও দেশপ্রেমিক সরকারের পক্ষে সম্ভব নয়। বিএনপি নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে দলটির শীর্ষ নেতারা ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা মানবতার প্রতীক। গত ৪৮ বছরে তার অর্জনের ধারে কাছেও কেউ যেতে পারেনি। বিএনপি খুনি-সন্ত্রাসীদের দল। মানুষ পুড়িয়ে মারার দল। দুর্নীতির বরপুত্র তারেক রহমান আজ যে দুর্নাম অর্জন করেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বিএনপি তাকে যতই নেতা বানানোর চেষ্টা করুক দেশের জনগণ মেনে নেবে না। যতদিন তারেক রহমান থাকবে ততদিন বিএনপি স্বাভাবিক কারণে জনবিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। বিএনপির মিথ্যাচার এখন দলটির নেতাকর্মীরাও বিশ্বাস করে না। এ সময় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতাকারীদের বিষয়ে সরকারের শক্ত অবস্থান তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি ছত্রছায়ায় যদি কোনও অপরাধ ও অপকর্ম হয়ে থাকে এবং সরকার যদি কাউকে ছাড় না দেয়, বুঝতে হবে এখানে সরকার শূন্য সহিষ্ণুতা বজায় রেখেছে। অপরাধীকে অপরাধী হিসেবে বিচার করা হবে। অপরাধী যতই প্রভাবশালী হোক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুঝি না। অপরাধী অপরাধীই। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কঠোর।
ইউডি/এজেএস

