প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ মুস্তফা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, আপডেট ১৫:০০
প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন প্যালেস্টাইনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মোহাম্মদ মুস্তফা একজন অর্থনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন।এছাড়া আমেরিকায় পড়াশোনা করা মোহাম্মদ মুস্তফা অতীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন বিভিন্ন পদে দায়িত্বপালন করেছেন। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গাজায় ওয়াশিংটনের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে প্যালেস্টাইনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে এই নিয়োগ দিলেন আব্বাস।
আল জাজিরা বলছে, আমেরিকায় পড়াশোনা করা অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বাধীনচেতা মুস্তফা এখন প্যালেস্টাইনি কর্তৃপক্ষের জন্য একটি নতুন সরকার গঠনের কাজ করবেন। মূলত ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ক্ষমতা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের।
গত বৃহস্পতিবার নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভ‚ত করার, সরকারে সংস্কার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন আব্বাস। নতুন এই নিয়োগের মাধ্যমে মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের স্থলাভিষিক্ত হয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার উল্লেখ করে গত ফেব্রæয়ারিতে সরকারসহ পদত্যাগ করেছিলেন তিনি।
ইউডি/এজেএস

