রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে টনি ক্রুস!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, আপডেট ১০:৩০
২০২১ সালের ইউরোতে বাজে পারফরম্যান্সে জার্মানি ছিটকে যাওয়ার পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন টনি ক্রুস। তবে কোচ ইউলিয়ান নাগলসমানের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি অবসর ভেঙে আবার মাঠে ফিরেছেন এ জার্মান মিডফিল্ডার। এরই মধ্যে প্রীতি ম্যাচে মাঠে নেমে জার্মানির ইতিহাসে দ্রুততম গোলে সহায়তাও করেছেন ক্রুস।
ধারণা করা হচ্ছে, আগামী ইউরোতেও দলের অন্যতম ভরসা হবেন ক্রুস। দারুণ নৈপুণ্য দেখিয়ে জার্মান দলে ফেরা ক্রুস ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ এবং রিয়াল মাদ্রিদে তাকে ধরে না রাখা নিয়ে গুঞ্জন ছিলো বেশ কিছু দিন। কেননা চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে টনি ক্রুসের।
তবে অভিজ্ঞ এই তারকাকে হারাতে চাইছে না লস ব্ল্যাঙ্কোসরা। পরবর্তী মৌসুমের জন্যও তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। এমনটায় জানিয়েছেন দলবদলের ইতালিয়ান বিশ্বাসযোগ্য সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রোমানো জানিয়েছেন, নতুন করে রিয়াল মাদ্রিদের সঙ্গে এক বছরের চুক্তি করতে যাচ্ছেন ক্রুস। দুপক্ষের মধ্যে সরাসরি কথাবার্তা চলছে বলে জানিয়েছেন এই বিশ্বস্ত সাংবাদিক।
তিনি আরও জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে শুধু সই করার আনুষ্ঠানিকতা বাকি আছে। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন টনি ক্রুস। এরপর গত ১০ বছর ধরে দলটিকে আগলে রেখেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। রিয়ালকে জিতিয়েছেন একাধিক শিরোপা। পেয়েছেন সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারের খ্যাতি।
৩৪ বছর বয়সী ক্রুসের সঙ্গে চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল রিয়ালের। তবে অভিজ্ঞ এই তারকাকে আবারও রেখে দিচ্ছে রিয়াল।
ইউডি/কেএস

