সাকিব ফেরায় উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা

সাকিব ফেরায় উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, আপডেট ১৯:৩০

দীর্ঘ দিন পর বড় ফরম্যাটে ফেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানে উজ্জীবিত বাংলাদেশ সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য নিয়ে আজ শনিবার (৩০ মার্চ) শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচটি এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সকাল ১০টায়। প্রথম ম্যাচে বাজে হারের পর টেস্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সাকিবের অন্তর্ভুক্তিতে টাইগাররা ঘুড়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

প্রথম টেস্টের দুই ইনিংসে ২শর নীচে অলআউট হয়ে ৩২৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। দলের বেশিরভাগ ব্যাটারই বাজে শট খেলে প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়েছেন। দলের এমন পারফরমেন্সে মূলত টেস্ট ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ইনিংসে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মোমিনুল হকের লড়াকু ৮৭ রানে অনবদ্য ইনিংস বাংলাদেশকে আরও বড় হারের লজ্জা থেকে রক্ষা করে। চোখের সমস্যা থেকে সেরে উঠে পুরোপুরি ফিট হওয়ায় মাঠে নামতে প্রস্তুত সাকিব। আজ যদি খেলতে নামেন তাহলে এক বছর পর প্রথমবারের সাদা পোশাকে দেখা যাবে তাকে। গত বছর ইন্ডিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সি কোন ম্যাচই খেলেননি সাকিব। দীর্ঘদিন মাঠে বাইরে থাকার পর ফেরাটা তার জন্য অবশ্য কিছুটা চ্যালেঞ্জিংও হতে পারে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার।সব চ্যালেঞ্জকে অতিক্রম করে কিভাবে পারফর্ম করতে হয় সেটি বেশ ভালোই জানেন।

আয়ারল্যান্ড ও ইন্ডিয়ার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট সিরিজের শেষ চার ইনিংসে দু’টি ৮০’র বেশি রানের ইনিংস খেলেছেন সাকিব। তারপরও বড় চিন্তার বিষয় হল, ২০১৭ সালের পর থেকে টেস্ট ফরম্যাটে কোন সেঞ্চুরি পাননি তিনি। ২০১৭ সালের মার্চে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন সাকিব। নিজেদের ঐ শততম টেস্টটি জিতে স্মরণীয় রেখেছে বাংলাদেশ। আর সেটিই শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি হওয়া এখন পর্যন্ত ২৫ টেস্টের মধ্যে বাংলাদেশের একমাত্র জয়।শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত ১৯টি ম্যাচে পরাজিত এবং পাঁচটিতে ড্র করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে ১১বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে শ্রীলংকার জয় ৮বার এবং তিনটি ম্যাচ ড্র হয়। এর অর্থ, ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading