গ্রাম আদালত বিল চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি
উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ মার্চ, ২০২৪, আপডেট ১৬:৪৫
গ্রাম আদালত (সংশোধন) বিল, ২০২৪ চূড়ান্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনপূর্বক বিলটি আগামী সংসদ অধিবেশনে উপস্থান করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রবিবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দ্বাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদ, আবুল হাসানাত আবদুল্লাহ্, মো. ছানোয়ার হোসেন, মো. মতিয়ার রহমান, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ আলী এবং ফরিদা খানম বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/অধিদপ্তর/সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে গ্রাম আদালত (সংশোধন) বিল, ২০২৪ এর উপর বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনপূর্বক বিলটি কমিটিতে গৃহীত হয়।
ইউডি/এজেএস

