বুয়েটে ‘স্মার্ট ও নিয়মতান্ত্রিক’ ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি ছাত্রলীগের

বুয়েটে ‘স্মার্ট ও নিয়মতান্ত্রিক’ ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি ছাত্রলীগের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪, আপডেট ১৪:৫০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের নিয়ে এ শিক্ষায়তনে ‘স্মার্ট ও নিয়মতান্ত্রিক’ ছাত্র রাজনীতি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেছেন, আমরা বুয়েট শিক্ষার্থীদের মতামত নেব। তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রস্তাবনা উল্লেখ করে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমে যাব। উচ্চ আদালতের আদেশে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরার পথ খোলার পর মঙ্গলবার (০২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই প্রতিশ্রুতি দেন ছাত্রলীগ সভাপতি।

তিনি বলেন, প্রথাগত ছাত্র রাজনীতির মত কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্বের মাধ্যমে বুয়েট শিক্ষার্থীরা পরিচালিত হবে না। বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। যে নেতৃত্ব হবে আদর্শিক, দেশাত্মবোধসম্পন্ন এবং যে নেতৃত্ব বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে থেকেই তৈরি করবে বিশ্বসেরা উদ্ভাবক, উদ্যোক্তা। সাড়ে চার বছর আগে ছাত্রলীগ নেতাদের নির্যাতনে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। হাই কোর্ট সোমবার সেই নিষেধাজ্ঞা স্থগিত করে দিলেও বুয়েট শিক্ষার্থীরা ‘রাজনীতিমুক্ত’ ক্যাম্পাসের দাবিতে অটল থাকার কথা বলেছে।
তাদের আশ্বস্ত করে সাদ্দাম বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি পুনরায় শুরু হবে। কিন্তু সেটি কোন ছাত্র রাজনীতি তা নিয়ে আমাদের ভাবতে হবে। এই রাজনীতি অবশ্যই ক্লাস-পরীক্ষা বন্ধ, সেশনজট, বুলিং, দখল-বাণিজ্য, হত্যা-সন্ত্রাসের ছাত্র রাজনীতি নয়। এই ছাত্র রাজনীতি হবে আধুনিক, যুগোপযোগী, বৈচিত্র্যময়-সৃষ্টিশীল, জ্ঞান-যুক্তি-তথ্য-তত্বনির্ভর।

ছাত্রলীগ সভাপতি বলছেন, বুয়েটে ছাত্র রাজনীতি ফিরিয়ে এনেই ছাত্রলীগ দায়িত্ব শেষ করবে না। বুয়েট হবে ছাত্র রাজনীতির ‘মডেল’। দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত আগামী দিনের উন্নত, স্মার্ট বাংলাদেশে উন্নত ও স্মার্ট ছাত্র রাজনীতি উপহার দেওয়ার জন্য মডেল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটকে গ্রহণ করবে। এই ঐতিহাসিক যাত্রায় বুয়েটের সকল শিক্ষার্থীকে সহযোগিতার সংকল্প নিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ‘স্মার্ট ও পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক’ ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন। ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হল ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি।আধুনিক, স্মার্ট, পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সাথে মতামত আহ্বান ও আলোচনা। সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গী কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন। বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সাথে আলোচনা। এসব কর্মসূচি বাস্তবায়নে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি সাদ্দাম। ‘সুবিধামত’ সময়ে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

সাদ্দাম বলেন, “তারিখগুলো আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। যেহেতু বুয়েটে পরীক্ষা চলছে। তাদের অ্যাকাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়- এ ধরনের কর্মসূচি ছাত্রলীগ গ্রহণ করবে না। কর্মসূচি এমন সময় পালন করব, যাতে বুয়েটের অ্যাকাডেমিক কার্যক্রম নির্বিঘ্নে চালু থাকে। আমরা কোনো ধরনের তাড়াহুড়োর মধ্যে নেই। সাংগঠনিক কমিটি গঠন যতটা না আমাদের লক্ষ্য, তার চেয়ে বৃহত্তর লক্ষ্য ছাত্র রাজনীতি থেকে যেন বুয়েটের শিক্ষার্থীরা বিযুক্ত না থাকে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading