তিতাস কর্মকর্তা মানসিক হয়রানির শিকার

তিতাস কর্মকর্তা মানসিক হয়রানির শিকার

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ এপ্রিল, ২০২৪, আপডেট ১৯:৪০

সিরাজুল ইসলাম: তিতাস গ্যাস সরবরাহ ও বিতরণ কোম্পানি লিমিটেডের মিরপুর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল জব্বার মানসিক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা পরিচয়ে তাকে হয়রানি করা হচ্ছে। তার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশও করা হয়েছে বলে তিনি দাবি করেন।

জানা গেছে, দুই বছরের কিছুটা বেশি সময় ধরে মিরপুর কার্যালয়ে দায়িত্ব পালন করছেন আব্দুল জব্বার। সম্প্রতি তার বিরুদ্ধে একটি পত্রিকায় দুর্নীতির বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। ওই সাংবাদিক তার কাছে বক্তব্য নেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি তাকে (জব্বার) একান্তে কথা বলার জন্য বলেন। তিনি বলেন, এখানে প্রকাশ্যেই বলুন। পরে ওই সাংবাদিক তার বিরুদ্ধে মিরপুর থানায় একটি জিডি করেন। এতে বলা হয়, আব্দুল জব্বার তাকে অফিসে ঢুকতে দেননি। তার সহকর্মীরা তার (সাংবাদিক) সঙ্গে মারমুখী আচরণ করেন।

এই অভিযোগকে মিথ্যা দাবি করে আব্দুল জব্বার বলেন, ওই সাংবাদিকের সাথে আমার কোনো ধরনের কথা কাটাকাটি হয়নি। তার সঙ্গে আন্তরিকতার সাথে কথা হয়েছে। এছাড়া সাফায়েত হোসেন নামে এক সাংবাদিক তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেছেন। এই তথ্য তিনি সরবরাহ করবেন বলে জানান।

অন্যদিকে নাসির উল্লাহ নামে এক লোক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর পরিচয় দিয়ে আব্দুল জব্বারকে ফোন করেন। ফোনে ওই লোক বলেন, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি ৬০ ফিটের ভাঙা ব্রিজের কাছে কলাপাতা হোটেলে এসে আমার সাথে দেখা করুন। বিষয়টি আব্দুল জব্বার ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, দুর্নীতির অভিযোগ আছে দুদকে। পুলিশ পরিচয়ে তাকে মানসিকভাবে হয়রানি করার জন্য ফোন করা হয়েছে। এতে তিনি বেশ অস্বস্তিতে রয়েছেন। নাসির উল্লাহ নামে যে ব্যক্তি ফোন করেছিলেন; এই প্রতিবেদক ওই নম্বরে কল করেন। তবে তিনি রিসিভ করেননি।

ইউডি/সিরাজ

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading