অফার আগেও এসেছিল, কিন্তু করিনি: তাসনিয়া ফারিণ

অফার আগেও এসেছিল, কিন্তু করিনি: তাসনিয়া ফারিণ

উত্তরদক্ষিণ । রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, আপডেট ১২:৫০

অভিনয়ের তাসনিয়া ফারিণ এলেন গানে। প্রথম দানেই বাজিমাত! ঈদের ‘ইত্যাদি’তে নিজের প্রথম মৌলিক গান করলেন তাহসান রহমান খানের সঙ্গে। নিজের গানের ভুবন সম্পর্কে ফারিণ ধারণা দিলেন হৃদয় সাহাকে।

মজার বিষয় হলো, অভিনয়ে ফারিণের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গানে রয়েছে। শৈশবেই গানে হাতেখড়ি তাঁর। ‘যশোরে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন ওস্তাদ বাবলু খানের কাছে গান শিখতাম। পরে ঢাকায় এসে হলিক্রসে ভর্তি হওয়ার পর মগবাজারে নজরুল একাডেমিতে ভর্তি হই।

স্কুল শেষ করেই সরাসরি চলে যেতাম গান শিখতে। মা দুপুরের খাবার নিয়ে আসতেন। নজরুল একাডেমিতে নজরুলগীতির পাশাপাশি শিখেছি উচ্চাঙ্গসংগীতও। ঢাকায় তালিম নিয়েছি প্রয়াত খালিদ হোসেনের কাছে।

দুর্ভাগ্যজনকভাবে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। এ ছাড়া ইয়াকুব আলী খান, করিম শাহাবুদ্দিন স্যারদের কাছেও গান শিখেছি, ওনাদের সন্তানরাও এখন গান করেন’- বললেন ফারিণ।

পুরনো দিনের কণ্ঠশিল্পীদেরই বেশি পছন্দ ফারিণের। তাঁদের কণ্ঠেই শোনেন গান। বলেন, ‘গানের ক্ষেত্রে আমার পছন্দ পুরনোরাই।

সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরোজা বেগমের গান শুনতে পছন্দ করি। ফেরদৌস আরা, নাশিদ কামালদের কণ্ঠে নজরুলসংগীত শুনতেও ভালো লাগে।’

প্রথম মৌলিক গান করার প্রস্তাব ফারিণকে দিয়েছেন হানিফ সংকেত। প্রস্তাব পেয়ে রীতিমতো হতবাক ফারিণ। বলেন, ‘অনেক ভেবেচিন্তে রাজি হই। পরে শুনতে পাই, কবির বকুল ভাই আমার কথা ওনাকে বলেছিলেন। গানের কথাগুলো খুব সুন্দর, ইমরান ভাই (ইমরান মাহমুদুল) যখন সুর করে পাঠালেন, তখনই বুঝেছি দারুণ কিছু হবে। আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রচারের পর থেকে যে সাড়া পাচ্ছি, তা এককথায় অভাবনীয়। এমনকি কিশোরগঞ্জের হাওরের রাস্তায় আলপনার সঙ্গে আমাদের গানটা যুক্ত করে অনেকে রিলস বা ভিডিও বানাচ্ছে। এত সাড়া পাব ভাবতে পারিনি।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading