তাপপ্রবাহে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতিকে বারের চিঠি

তাপপ্রবাহে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতিকে বারের চিঠি
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, আপডেট ১১:১৫

ঢাকাসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ অনলাইনে সম্পন্ন করতে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, ঢাকাসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বিরাজমান, যাতে মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইতোমধ্যে বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞ আইনজীবীদের অনেকের পক্ষে শারীরিক অসুস্থতা এবং বয়োজ্যেষ্ঠতার কারণে তীব্র গরমে শারীরিকভাবে আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে বিজ্ঞ আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একইভাবে বিচার প্রার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে হলেও ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করলে বিজ্ঞ আইনজীবীরা এবং বিচার প্রার্থীরা উপকৃত হবেন।

চিঠিতে বলা হয়, বিশেষ বিবেচনায় বয়োজ্যেষ্ঠ এবং শারীরিকভাবে অসুস্থ বিজ্ঞ আইনজীবীদের সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে মামলার বিচারকাজ পরিচালনার সুযোগ প্রদান করলে বিজ্ঞ আইনজীবীরা কৃতজ্ঞ থাকবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading