আমেরিকায় শিক্ষার্থীদের বিক্ষোভ: যা বলছে ইরান
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, আপডেট ১৭:১০
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গাজা যুদ্ধের বিরুদ্ধে যে বিক্ষোভ-প্রতিবাদ করছে তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে, যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের মানুষ জেগে উঠছে। আমেরিকার ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মার্কিন পুলিশের সহিংস আচরণের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পুলিশের এই সহিংসতা জেগে ওঠা বিশ্ব জনমতকে থামিয়ে দিতে পারবে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে নাসের কানয়ানি এসব কথা বলেন।
তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে মানবাধিকারের প্রশ্নে আমেরিকা তাদের দ্বৈত নীতি প্রদর্শন করেছে। মার্কিন পুলিশের এই আচরণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য নয় বরং এটা উদ্বেগের বিষয় বলে আমরা মনে করি। আরব নিউজের খবরে বলা হয়েছে, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল। বিক্ষোভের অভিযোগে ইতিমধ্যে সাত শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।
দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ শুরু হয়েছিল এবং ক্রমশ তা যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করে গত রবিবার ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে শত শত মানুষ বিক্ষোভ করেছে।
ইউডি/এজেএস

