কেমন থাকবে মে মাসের আবহাওয়া?
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, আপডেট ১৯:০০
তাপমাত্রা বেড়েই চলেছে। সব রেকর্ড ভেঙে দাবদাহের পারদ ঊর্ধ্বমুখী। পুরো এপ্রিল মাস এমন দৃশ্যই দেখেছে সারা দেশ। অসহ্য গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। খুব একটা বৃষ্টির দেখাও মেলেনি। ফলে বিপাকে পড়েছে মানুষ ও প্রাণীক‚ল। পুরো এপ্রিল তাপপ্রবাহে পুড়লেও নতুন মাস মে’তে আবহাওয়া কেমন থাকবে?
বৃহস্পতিবার (০২ মে) মে মাসের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে তাপপ্রবাহ, বৃষ্টি , নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ এপ্রিলের মতো অবস্থায় যাবে না। এ মাসে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রা এপ্রিল মাসের চেয়ে কিছুটা কম থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও কয়েকটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মে মাসে তিন থেকে পাঁচ দিন হালকা ধরনের কালবৈশাখী হতে পারে। আর দুই থেকে তিন দিন বজ্র–শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি থেকে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ মে’র পর থেকে বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ থেকে ৬ দিন দমকা হাওয়া, ঝড়ো বাতাস ও বজ্র ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ।
ইউডি/এজেএস

