ইন্ডিয়া ও জাপান ‘জেনোফোবিক’: বাইডেন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ মে, ২০২৪, আপডেট ১৬:৩০
ইন্ডিয়া ও জাপানকে ‘জেনোফোবিক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেনোফোবিক অর্থ হচ্ছে- বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব। অবশ্য এই মন্তব্যের মাধ্যমে বাইডেন কোনও দেশের অপরাধের কথা বলেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার (০৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান এবং ইন্ডিয়াকে ‘জেনোফোবিক’ বলে অভিহিত করেছেন। মূলত মার্কিন মিত্র এই দুটি দেশকে তিনি রাশিয়া এবং চীনের সাথে একত্রিত করে একই কাতারে এমন দেশ হিসাবে তালিকাভুক্ত করেছেন যারা ‘অভিবাসী চায় না’। বিবিসি বলছে, জাপানের বিরুদ্ধে বাইডেনের সমালোচনামূলক এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাষ্ট্রীয় সফরের ওয়াশিংটন গিয়েছিলেন এবং সেসময় মার্কিন-জাপান জোটকে ‘অলঙ্ঘনীয়’ বলে অভিহিত করেছিলেন বাইডেন।
এছাড়া মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন উদ্বেগ থাকা সত্বেও বর্তমানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। অবশ্য হোয়াইট হাউস বলেছে, নিজের মন্তব্যের মাধ্যমে বাইডেন কোনও দেশের অপরাধের কথা উল্লেখ করেননি। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় প্রচারণা তহবিল সংগ্রহের অনুষ্ঠানে কথা বলেন বাইডেন। এই অনুষ্ঠানে তিনি প্রধানত এশিয়ান-আমেরিকান দর্শকদের উদ্দেশেই কথা বলছিলেন। এসময় বাইডেন বলেন, চলতি বছরের নভেম্বরের মার্কিন নির্বাচন হবে ‘স্বাধীনতা, আমেরিকা এবং গণতন্ত্র’ নিয়ে।
অবশ্য বাইডেনের এসব মন্তব্য অবমাননাকর অর্থে বোঝানো হয়েছে এমন বিষয় অস্বীকার করেছে হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, তিনি (বাইডেন) মার্কিন অভিবাসন নীতিতে আরও বিস্তৃত বক্তব্য রেখেছেন।
ইউডি/এজেএস

