নির্বাচনের পর সংকট আরও বেড়েছে : মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মে, ২০২৪, আপডেট ২০:১৫
বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উতরে গেছে। কিন্তু সংকট উতরে যায়নি বরং আরও বেড়েছে। এখনও যদি তারা অনুধাবন না করে তাহলে সামনে সংকট আরও ঘনীভূত হবে।
রবিবার (১২ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
ফখরুল বলেন দেশে একের পর এক ডামি নির্বাচন হচ্ছে। তারা প্রার্থী বাছাই করছে, তারাই বিরোধীদল কারা হবে তা নির্ধারণ করে দিচ্ছে। এ সরকারের কোনো জবাদিহিতা নেই, কোনো ম্যান্ডেট নেই। তাদের মধ্যে এমন দাম্ভিকতার সৃষ্টি হয়েছে যে, আমাদের তো জনগণের কোনো দরকার নেই। জনগণের কী হলো না হলো তা নিয়ে চিন্তা নেই। ক্ষমতা ঠিক থাকতে পারলেই চলে আওয়ামী লীগের।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র। সরকার পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, এটি অনেক আগে থেকেই বলে আসছি। একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, যখন অর্থনীতি মেরুদণ্ড ভেঙে যায়, রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে। গোটা রাষ্ট্র একটি নৈরাজ্যে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া চাকরি হয় না। তাও আবার ক্ষমতাসীন দলের ছাড়া সম্ভব নয়। সব মিলিয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকারের এমপি মন্ত্রীরা টাকা পাচার করে সেটি বিনিয়োগ করেছে বিদেশে, অথচ বাংলাদেশের মানুষের অবস্থা খারাপ।
ইউডি/এজেএস

