বেনাপোল দিয়ে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি বন্ধ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ মে, ২০২৪, আপডেট ১৩:৪৫
ইন্ডিয়ার লোকসভা নির্বাচন, বুদ্ধ পূর্ণিমা ও বাংলাদেশে যশোরের শার্শা উপজেলায় নির্বাচনের কারণে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ৫ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি ইন্ডিয়ার লোকসভা নির্বাচন কারণে আজ ১৭ মে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২০ তারিখ সন্ধ্যা ৭টা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে যাত্রী পারাপারে বিধি নিষেধ আরোপ করেছেন ইন্ডিয়া সরকার । বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে বিধি নিষেধের এই তিন দিনে বাংলাদেশ থেকে নতুন কোন যাত্রী ইন্ডিয়ার প্রবেশ করতে পারবে না ।
তবে মেডিকেল ভিসা বা এমার্জেন্সি ভিসা নিয়ে কোন যাত্রী ও পচনশীল পন্যবাহি যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। সুতারং তারা ইন্ডিয়ার প্রবেশ করতে পারবে । অপরদিকে বাংলাদেশে অবস্থানকারী ইন্ডিয়ার যাত্রীরা এই তিন দিনে ইন্ডিয়ায় প্রবেশ করতে পারলেও ইন্ডিয়ার অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা এই তিন দিনে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ২১ তারিখ সকাল থেকে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ইন্ডিয়ার চেকপোস্ট থেকে একটি পত্রের মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন যাত্রী পারাপার বিধি নিষেধের বিষয়ে জানতে পেরেছি ।এ তিন দিনে নতুন কোন যাত্রী ইন্ডিয়ার প্রবেশ করতে পারবে না । তবে বাংলাদেশে অবস্থানকারী ইন্ডিয়ার পাসপোর্ট যাত্রীরা ইন্ডিয়ায় ফিরে যেতে পারবে এবং যে সমস্ত বাংলাদেশিরা মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসা নিয়ে ভারতে যেতে চাই তারাই বন্ধের তিন দিনে ইন্ডিয়া যেতে পারবে। বন্ধের এই তিন দিনে ভারতে অবস্থানকারী কোন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরে আসতে পারবে না বলে তিনি জানান। ২১ তারিখ সকাল থেকে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এ ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ইন্ডিয়ার লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমার ছুটি ও শার্শা উপজেলায় উপজেলা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এ কয়দিন বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে বলে তিনি জানান। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দু দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে বলে তিনি জানান।
ইউডি/কেএস/জয়নাল আবেদীন

