ব্যাটারিচালিত বাহন চলাচলের অনুমতি মিলল ঢাকা সিটিতে
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মে, ২০২৪, আপডেট ১৬:৪৫
নিষেধাজ্ঞার প্রতিবাদে দুই দিন বিক্ষোভের পর কেবলমাত্র ঢাকা সিটি এলাকায় ব্যাটারিচালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার কথা বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২০ মে) গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, আমরা নতুন নীতিমাল নিয়ে আসছি, জীবিকা আগে না জীবন আগে। যদি ট্রাক ও বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়, তাহলে বাসের কারো কিছু হয় না। দশ থেকে বারো জন ইজিবাইকের ড্রাইভারসহ সব যাত্রী নিহত হন। এই অবস্থায় আমরা ২২টি মহাসড়কে আমরা ব্যাটারিচালিত যান বন্ধ করেছি। কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষের কষ্টের ও দুঃখের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে নিষেধাজ্ঞার দরকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সিটি এলাকার ব্যাটারিচালিত গাড়ির চলাচলে যে নিষেধ, সেটা আপাতত স্থগিত রেখে চলাচলের অনুমতি দিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে কাদের বলেন, বিআরটিএকে আমি বলেছি, এদের প্রতিনিধিদের কে ডাকবেন, কথা বলবেন। ড্রাইভারদের ট্রেনিং, গাড়ির সাইজ একটা নিয়মের মধ্যে আনতে হবে। গাড়ির সাইজ, চাকা এগুলো যেন বাস্তবসম্মত হয়। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা সবাইকে বিআরটিএ পৌঁছে দেবে এবং কার্যকর ব্যবস্থা নেবে। বিদ্যুৎচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। ঢাকার সড়কে ব্যাটারিচালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা আসে গত বুধবার।
ইউডি/এজেএস

