বিএনপি এখন ভোটবর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বিএনপি এখন ভোটবর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মে, ২০২৪, আপডেট ১৩:৩৫

দিনাজপুর- ২ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বুঝতে পেরেছে এই সম্মানটাও তাদের থাকবেনা। বিএনপি এখন ভোটবর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তাদের ভোটবর্জন কর্মসূচিকে জনগণ বর্জন করেছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ভোট প্রদান শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ভোটার উপস্থিতি খুবই ভালো। মানুষের আগ্রহ আছে। কয়েকদিন যাবত যে প্রচারণা, তাতে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেক প্রার্থী। চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন। তারা ভোটারদের ঘরে ঘরে গেছেন। তবে কথা হচ্ছে এই সময় প্রচণ্ড গরম, বৃষ্টিও হচ্ছে। এরমধ্যেও প্রচারণা ভালো হয়েছে। ভোট দেওয়ার জন্য খুবই সুন্দর পরিবেশ।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা, ভোটকেন্দ্র দখল করা, ভোটে কারচুপি বা অনৈতিক যে কাজকর্ম ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে। চলমান ভোটগুলো দেখছি, তার সবচেয়ে বড় অর্জন হচ্ছে এইটা। মানুষ এই জায়গাগুলো পছন্দ করছে না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এসবের মধ্যে নেই। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। ভোটাররা যাকে ভালো মনে করবেন, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটাই প্রাধনমন্ত্রী দেশের মানুষকে বলেছিলেন। আর এখন সেটাই হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের এই যে এগিয়ে যাওয়া, সমগ্র পৃথিবী যুদ্ধের মধ্যে জড়ায়ে গেছে রাশিয়া-ইউক্রেন, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর দেশে দেশে। এই রকম একটা পরিস্থিতিতে কোথায় তারা (বিএনপি) দেশের পক্ষে কথা বলবে, উল্টো দেশকে কিভাবে টেনে নিচে নামানো যায় সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে তারা জড়িত। এটা খুবই দূর্ভাগ্যজনক। কারণ আমরা দেখেছি বিএনপির জন্মলগ্ন থেকে বাংলাদেশের অর্থনৈতিক দূরাবস্থা দেশকে অন্ধকারের দিকে তলিয়ে দেওয়ার রাজনীতি করছে। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব মাথা উচু করে দাঁড়াক তারা চায় না। তারা সাহায্য নির্ভর রাজনীতি করে।

এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading