বিশ্বশান্তির প্রশ্নে কাণ্ডজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয় : মন্ত্রী

বিশ্বশান্তির প্রশ্নে কাণ্ডজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয় : মন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মে, ২০২৪, আপডেট ১৫:৪০

ন্যায্যতা, মানবাধিকার ও বিশ্বশান্তির প্রশ্নে কাণ্ডজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেছেন, এরূপ আচরণ ভালো ফল বয়ে আনে না।

শুক্রবার (২৪ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিশ্বশান্তি-ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

ফরিদুল হক খান বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের অধিকারের পক্ষে বাংলাদেশ সবসময় সরব ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ সবসময় প্যালেস্টাইন জনগণের ন্যায়সঙ্গত দাবির পক্ষে। প্যালেস্টাইন -ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্যালেস্টাইনের পক্ষে, ন্যায্যতার পক্ষে। বাংলাদেশ ইসরায়েলের অবৈধভাবে প্যালেস্টাইন দখলের নিন্দা জানায় এবং এটি বন্ধের জন্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

প্যালেস্টাইনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সময় থেকেই প্যালেস্টাইন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং মধুর। এ কারণে বাংলাদেশ প্যালেস্টাইনের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করে আসছে এবং এই সমর্থনের অংশ হিসেবে গত ৫৩ বছরে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। সারাবিশ্বে বাংলাদেশেই একমাত্র দেশ, যে দেশ তার পাসপোর্টে ইসরায়েলকে নিষিদ্ধ করে রেখেছে।

তিনি বলেন, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের অবস্থান মানবাধিকার ও ন্যায্যতার পক্ষে। আমাদের অবস্থান শান্তি ও সহাবস্থানের পক্ষে। শোষক ও শোষিতের মধ্যে আমাদের অবস্থান সবসময় শোষিতের অনুকূলে। মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের ২০০ কোটি মুসলিমের আবেগ-অনুভূতির সাথে জেরুজালেমের সম্পর্ক। ঠিক একইভাবে বাংলাদেশের ১৫ কোটির বেশি মুসলমানের আবেগ-অনুভূতির সঙ্গেও জেরুজালেমের সম্পর্ক। মুসলমানদের এই অনুভূতিকে অবশ্যই সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য বলরাম পোদ্দার, আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী মোতালিব হোসেন প্রমুখ।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading