পাপুয়া নিউগিনিতে ভূমিধস, ১০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা

পাপুয়া নিউগিনিতে ভূমিধস, ১০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মে, ২০২৪, আপডেট ১৭:০০

ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় ভোরে এনগা প্রদেশের পোরগেরা-পাইলা জেলার মুলিতাকার ছয়টি গ্রামে এই ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।

মুলিতাকার আশপাশের গ্রামের লোকজন জানান, শিশুসহ ৮০ থেকে ১০০ জনকে দাফন করা হতে পারে। কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানাতে পারেনি।

এনগার প্রাদেশিক প্রশাসক স্যান্ডিস সাকা বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের একটি জরুরি দল সেখানে পাঠানো হয়েছে।

সাকা বলেন, ‘বিধ্বংসী এই ভূমিধসকে নজিরবিহীন প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা আজ ভোরের দিকে ঘটে। এতে মানুষের জানমালের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিমাণ এখনও জানা যায়নি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভূমিধসের ছবিতে দেখা গেছে, ভূমিধসের ফলে এর ধ্বংসাবশেষ হিসেবে বিশাল বিশাল পাথর ও গাছের গুঁড়ি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

স্থানীয় ব্যবসায়ী এলিজাবেথ লারুমা অস্ট্রেলিয়ার মিডিয়াকে বলেন, পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখেছেন যে, ভূমিধসের ফলে গ্রামের বাড়িঘরগুলো ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে গেছে।

লারুমা এবিসিকে বলেন, ‘এটি যখন ঘটেছে তখন ভোর ছিল, সবাই ঘুমিয়ে ছিল। আর এর মধ্যেই পুরো গ্রাম তলিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি যা অনুমান করতে পারি, ১০০-এর বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছে।’

এই ভূমিধসের ফলে একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে শহরের নিজস্ব জ্বালানি এবং পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লারুমা।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading