২০২৪-২৫ অর্থবছর: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীর সংখ্যা বাড়াচ্ছে সরকার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মে, ২০২৪, আপডেট ১৯:২৫
আগামী (২০২৪-২৫) অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীর সংখ্যা আরও ৪ লাখ বাড়াবে সরকার। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সত্তে¡ও মাসিক ভাতা বাড়বে না বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছেন। প্রায় ১.১৪ কোটি বয়স্ক মানুষ, বিধবা বা স্বামী-নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তি বর্তমানে মাসে ৫৫০ টাকা থেকে ৮৫০ টাকা পর্যন্ত সরকারি ভাতা পান।
এক বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। মোটা চাল, আলু, ডিম থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সবকিছুর দাম বেড়েছে। কিন্তু সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় বয়স্ক এবং দুস্থ মানুষের ভাতার পরিমাণ বাড়বে না। অবশ্য ২০২৪-২৫ অর্থবছরের নতুন বাজেটে সামাজিক সুরক্ষা বেষ্টনীর উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি মাসিক ভাতার পরিমাণ না বাড়ালে মূল্যস্ফীতির মধ্যে হিমশিম খেতে থাকা উপকারভোগীদের জন্য জীবন চালানো খুব কঠিন হয়ে পড়বে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ১.২৬ লাখ কোটি টাকার বেশি। আগামী অর্থবছরে এর পরিমাণ প্রায় ১.৩ লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা।
চলতি অর্থবছর ৫৮.০১ লাখ বয়স্ক নাগরিক ভাতার আওতায় রয়েছেন। এ খাতে বরাদ্দ রয়েছে ৪ হাজার ২০৫.৯৬ কোটি টাকা। ৯০ বছর বা তার অধিক বয়স্কদের ভাতা বৃদ্ধির পাশাপাশি উপকারভোগীর সংখ্যা আরও দুই লাখ বাড়ানোর লক্ষ্য থাকায় ব্যয়ের পরিমাণ প্রায় ২২০ কোটি টাকা বাড়তে পারে। এজন্য আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৪ হাজার ৪২৫.৩৫ কোটি টাকা রাখা হচ্ছে। চলতি অর্থবছরে ২৫.৭৫ লাখ বিধবা ও স্বামী-নিগৃহীতা নারীর ভাতার জন্য ১ হাজার ৭১১.৪০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বর্তমানে তারা প্রতি মাসে ৫৫০ টাকা ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছর বিধবা ও স্বামী-নিগৃহীতাদের ভাতা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ১ হাজার ৯৩০.৭৭ কোটি টাকা। আরও এক লাখ নারী এ ভাতার আওতায় আসবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইউডি/এজেএস

