রেমাল-বন্যার পর সিলেটের জন্য আবহাওয়া অফিসের দুঃসংবাদ
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ জুন, ২০২৪, আপডেট ১৯:৪০
সক্রীয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দুই বিভাগে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। সোমবার (০৩ জুন) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সক্রীয় মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী বৃহস্পতিবার (০৬ জুন) সন্ধ্যা পর্যন্ত ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত অপর এক বার্তায় বলা হয়, সোমবার দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ইউডি/এআর

