কলেজছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
শফিকুল ইসলাম। রবিবার, ০৯ জুন, ২০২৪, আপডেট ১৮:৩০
কলেজ ছাত্র ফরিদ হত্যা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা মুরছালিন মামুনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৮ জুন) রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তাকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার মুরছালিন মামুন উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মাওনা চৌরাস্তা এলাকার মো. আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা।
অপর দিকে নিহত কলেজ ছাত্র মো. ফরিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামোর মো. মোস্তফার ছেলে। সে শ্রীপুর মুক্তি যোদ্ধা রহমত আলী সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা পরিষদ নির্বাচনের দিন ২১ মে রাতে উপজেলার টেপিরবাড়ি নোমান স্পিনিং মিলস্ লি; এর সামনে দুই পক্ষের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্র ফরিদ গুলিবিদ্ধ হয়ে রাতেই মারা যান।
এ ঘটনায় শ্রীপুর থানার এস আই মো. কবির হোসেন বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার পলাতক আসামী মুরছালিন মামুন।
শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) আকবর আলী খান বলেন, মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার পলাতক আসামী।
গোপন সংবাদের ভিত্তিতে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ইউডি/এআর

