পানছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

পানছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ জুন, ২০২৪, আপডেট ১৯:১০

খাগড়াছড়ির পানছড়িতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে ইউপিডিএফের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার দুদকছড়ার দুর্গম সীমানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (০৯ জুন) সকালে বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে পুলিশ। নিহত বরুণ বিকাশ চাকমা পানছড়ির লোগাং ইউনিয়নের কমল কৃষ্ণ কার্বারিপাড়ার সুধীর কুমার চাকমার ছেলে।

এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। কারা ঘটনাটি ঘটিয়েছে, তাও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

তবে হত্যাকাণ্ডের জন্য জেএসএস (সন্তু লারমা) দলকে দায়ী করেছে ইউপিডিএফ।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা গণমাধ্যমকে বলেন, নিহত ব্যক্তি আমাদের দলের সমর্থক। হত্যাকাণ্ডে জেএসএস (সন্তু লারমা) জড়িত। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজের বাড়িতে অবস্থান করছিলেন বরুণ। এ সময় গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আজম গণমাধ্যমকে বলেন, কারা গুলি করেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় সকালে বাড়ি থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading