শিক্ষার্থী ঝরেপড়া রোধে দুপুরে খাবার দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
শফিকুল ইসলাম । মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, আপডেট ২০:২০
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী বলেছেন, দেশের সকল জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় সংস্কার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।
সরকার আগামী পাঁচ বছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যে বাজেট আছে; সে পরিকল্পনা অনুযায়ী অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ঝরেপড়া আটকাতে হবে।
এ লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের দুপুরের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছে সরকার।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা হলরুমে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা’র সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, শ্রীপুর উপজেলায় আগামী জুলাই মাসের মধ্যে মানুষের যাতায়াতের জন্য নতুন ২০টি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। সেগুলোর কার্যক্রম চলমান। শ্রীপুরে নতুন একটি শিক্ষা ভবন নির্মাণ করা হবে।
আজ (মঙ্গলবার) কিছুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এতিমখানায় অনুদানের চেক দেয়া হয়েছে। পরবর্তীতে বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পর্যায়ক্রমে অনুদান দেয়া হবে। সকল উন্নয়ন কার্যক্রমে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
সরকারের গৃহিত নানা কর্মসূচিও তুলে ধরেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকিরুল হাসান জিকু প্রমুখ।
ইউডি/এআর

