শ্রীপুরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আওয়ামী লীগ নেতাকর্মীরা সার্বজনীন পেনশন স্কিমে
শফিকুল ইসলাম । রবিবার, ২৩ জুন, ২০২৪, আপডেট ১৯:১৫
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নেতাকর্মীদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর আওতায় এসেছেন।
রবিবার (২৩ জুন) দুপুরে শ্রীপুর ভবন মাঠে নেতা কর্মীদের সার্বজনীন পেনশনের আওতাভুক্ত করতে অন্তর্ভুক্তকরণ সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রোমানা আলী টুসি এতথ্য জানান। তিনি বলেন, আমি সবসময় কিছু কিছু কাজ ব্যতিক্রমী করতে পছন্দ করি। আমার সরকার আমার দল ক্ষমতায় এসেছে।
আমি যদি সরকারের সুবিধাটুকু না নিতে জানি, তবে সাধারণ মানুষকে কেমন করে এ মেসেজটা পৌছাবো। আমার ইচ্ছা ছিলো প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়া আমরা এটা (সার্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত) করি। এ ব্যতিক্রমী কাজ; যা অনুকরণীয় হয়ে থাকবে অন্য উপজেলার জন্য।
আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোমানা আলী টুসি। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের ইসতেহার বাস্তবায়ন করতে সাধারণ জনগণের পাশাপাশি নেতা কর্মীদের ও সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে এসেছি।
আমি নিজেও পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হয়েছি। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগ সকলের কাছে পৌঁছে দিতে আজকের এ আয়োজন। আজকের দিনটাতে সরকারের এ ইসতেহার পূরণ করতে অঙ্গিকারাবদ্ধ। আওয়ামী লীগে যারা আছে; তার এ স্কিমে অন্তর্ভুক্ত হলে সাধারণ মানুষের আস্থা বাড়বে।
সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ইতিমধ্যেই এ স্কিমের আওতাভুক্ত হয়েছে। বেসরকারি শিক্ষকরাও এর গুরুত্ব বুঝবে এবং অংশ নিবে বলে আমি আশা করি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধান, আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোশারফ ভূইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ প্রমুখ।
ইউডি/এআর

