বাংলাদেশ সেমির সুযোগ হারানোর পর যা বললেন মাশরাফি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, আপডেট ১৩:৩০
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছে টাইগাররা। নাটকীয়তার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানে হারের ফলে কোনো জয় না নিয়েই শেষ হলো লাল-সবুজের জার্সিধারীদের সুপার এইট যাত্রা। অথচ নিদিষ্ট সমীকরণে জিততে পারলে টাইগাররা খেলতে পারতো সেমিফাইনালে।
বাংলাদেশের এমন হারের পর নিজের অভিমত ব্যক্ত করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিতো।’
মাশরাফি আরও লেখেন, আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইন শা আল্লাহ।’
সমীকরণ মিলিয়ে শেষ চার নিশ্চিতের লক্ষ্যে শুরুতে আশা দেখিয়েছিলেন টাইগার বোলাররা। ১১৫ রানেই রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো নাজমুল হোসেন শান্তদের।
সমীকরণ মেলানো তো হয়নি, বরং বাংলাদেশ অলআউট হয়ে গেছে ১০৫ রানে। ৪৯ বলে ৫৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিটন দাস। বাকি ব্যাটারদের কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। এ নিয়ে মাশরাফি বলেন, লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকের নিরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে এক বলা দুই ওভার পরপর পরিবর্তন হয়েছে, যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্রেফ ম্যাচটা জিতি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন ম্যাশ। তিনি বলেন, অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।
ইউডি/এআর

