আওয়ামী লীগ নেতার হাড্ডি ভাঙার হুমকি সাবেক এমপি মোস্তাফিজুরের
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জুলাই, ২০২৪, আপডেট ০১:১০
চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে মোবাইল ফোনে গালমন্দ করে হাড় ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। তাদের কথোপকথনের অডিও মঙ্গলবার (০২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় সূত্রে জানা গেছে, গত বছর ৮৯ লাখ টাকা ব্যয়ে বাঁশখালী উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। নির্মাণের পুরো খরচ নিজে করেছেন বলে দাবি করে আসছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে গত ২৯ জুন উপজেলা সদরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভা হয়। সভায় আবদুল গফুর তাঁর বক্তব্যে অভিযোগ করেন, দলের কার্যালয় নির্মাণের জন্য সাবেক এমপি মোস্তাফিজুর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে চাঁদা নিয়েছেন।
এই বক্তব্যে ক্ষুব্ধ হন মোস্তাফিজুর রহমান। ৩০ জুন সন্ধ্যার দিকে মোবাইল ফোনে আবদুল গফুরকে গালমন্দ ও হুমকি দেন তিনি। আঞ্চলিক ভাষায় কথোপকথনের এক পর্যায়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাল (২৯ জুন) এগুলো কী বলেছিস? আমি কার থেকে চাঁদা নিয়েছি পার্টি অফিস বানানোর জন্য? কার কাছ থেকে টাকা নিয়েছি প্রমাণ দেখাতে বল। নইলে তোকে এসে হাড্ডি ভেঙে ফেলব আমি। তুই এখনও আমাকে চিনস নাই। আমি এলে তোর হাড় গুঁড়া করে ফেলব।’
এ বিষয়ে আবদুল গফুর বলেন, ইউপি চেয়ারম্যান ও দলের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চাঁদা নিয়ে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে। কিন্তু মোস্তাফিজুর রহমান একাই এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। যারা চাঁদা দিয়েছেন, তারা আমাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি দলীয় সভায় বক্তব্যে আমি তুলে ধরি। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে গালমন্দ ও হুমকি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দুইবারে সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের কাছে পরাজিত হন। অবশ্য ভোট গ্রহণ শেষ হওয়ার আধাঘণ্টা আগে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে বাঁশখালী থানায় গিয়ে ওসি তোফায়েল আহমদের দিকে তেড়ে যান তিনি। এ কারণে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এর আগে এমপি থাকার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও কটূক্তি করেন তিনি। এ ছাড়া এলাকায় এক মিছিলে প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে সমালোচিত হন মোস্তাফিজুর রহমান।
ইউডি/এসআই

