শাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ

শাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ১৭:২৫

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে আবাসিক ছাত্রী হল হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে রবিবার মাঝরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরবর্তীতে এর প্রতিবাদে আজ বেলা ১১টায় আন্দোলনকারীদের একাংশ ক্যাম্পাসে জড়ো হয়ে পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রীদের আবাসিক হলের দিকে যায়। পরে হলের ছাত্রীরাও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের জোরালো দাবি জানান।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে বলে দাবি করে গতকাল মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্রী হলের দিকে গেলে দুই শতাধিক ছাত্রী মিছিলে যোগ দেন। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল এলাকা হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এলে দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও একাডেমিক ভবন ডি এর সামনে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মানবপ্রাচীর তৈরি করে বিক্ষোভ করতে বাধা দেন। কোটা আন্দোলনকারীরা অভিযোগ করেন, ছাত্রলীগের হামলায় মোট তিনজন আহত হয়েছেন।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের। হামলার পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রদক্ষিণ করে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading