ঢাবিতে ফের পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

ঢাবিতে ফের পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, আপডেট ১২:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ফের সংঘর্ষ হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে সংঘর্ষ শুরু হয়।

বঙ্গবন্ধু টাওয়ার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখাঁরপুল মোড় পর্যন্ত দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে আন্দোলনকারীরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

প্রায় আধঘণ্টা ধরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা পিছু হটেন। শহীদ মিনার এলাকা ছেড়ে তারা পুরান ঢাকার দিকে চলে যান।

এর আগে বিকেল চারটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের সড়ক ও মলচত্বর এলাকায় দুই ঘণ্টার বেশি সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পুলিশের বাধায় দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে বিকেল সোয়া চারটার দিকে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তাঁরা আবার সূর্য সেন হলের সামনে এসে জড়ো হন।

এরপর ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। পুলিশ সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। অপর দিকে শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নেন। পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা।

পুলিশের সঙ্গে টিকতে না পেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা। একপর্যায়ে সূর্য সেন হলের সামনে এসে অবস্থান নেয় পুলিশ। তখন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হক সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। এরপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ বন্ধ করে পুলিশ। তখন হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে চলে যান। সেখানে তাঁরা অবস্থান নিলে পুলিশ আবারও তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। আধা ঘণ্টাখানেক পর সেখান থেকে চলে যান শিক্ষার্থীরা।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading