পুরান ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, আদালতের প্রধান ফটক ভাঙার চেষ্টা

পুরান ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, আদালতের প্রধান ফটক ভাঙার চেষ্টা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ আগস্ট, ২০২৪, আপডেট ১১:৩০

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় লাঠি হাতে নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা। এসময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে। এরপর রাস্তায় পুলিশের গাড়ি ভাঙচুর করে এক পর্যায়ে গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এখনো বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সদরঘাটের ইসলামপুর এলাকা থেকে প্রায় ২ হাজার সাধারণ জনতা, ইসলামপুরে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এ বিক্ষোভ মিছিল বের করেন।

‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে এই বিক্ষোভ মিছিল বের করে তারা।

পরে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্ক হয়ে শাঁখারীবাজার মোড়, ঢাকা জজকোর্ট এলাকা, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার এলাকার দিকে যায়।

এসময় মিছিলে অংশগ্রহণকারী জনতাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দেখে আরো তীব্রভাবে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ালে মিছিলটি এগিয়ে যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading