যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ, মৃত্যু ৬
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এ সময় হোটেলের ভেতরে ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুনে পুড়ে মৃত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। এ ছাড়া একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হেলিকপ্টারে উদ্ধারকারী দল ১৬ তলাবিশিষ্ট হোটেলের ছাদ থেকে একজনকে উদ্ধার করে। আরও কয়েকজনকে ১৪ তলার বারান্দায় দাঁড়িয়ে উদ্ধারের জন্য নিশানা উড়াতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি দল দুই ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এ ছাড়া শাহীন চাকলাদারের কাঁঠালতলা এলাকার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। শহরের চারখাম্বা মোড়ে অবস্থিত শেখ রাসেলের ভাস্কর্যও ভাঙচুর করা হয়েছে।
ইউডি/ এবি

