শেরপুর জেলা কারাগারে হামলা, পালালো সব বন্দি

শেরপুর জেলা কারাগারে হামলা, পালালো সব বন্দি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০২৪, আপডেট ০১:৫০

শেরপুরে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জেলা কারাগারে আটক থাকা সব বন্দি পালিয়ে গেছে। সোমবার (৫ আগস্ট) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার (০৪ আগস্ট) বিকালে প্রশাসনের গাড়িচাপায় ও গুলিতে আন্দোলনকারীদের পাঁচজন নিহতের ঘটনায় জেলা শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা আগুন দেয় আনসার অফিস, জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই শেরপুর শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শেরপুর সদর থানা, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের ডরমেটরি, শ্রীবরদী উপজেলা পরিষদ কার্যালয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন, আওয়ামী লীগ অফিস, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর বাড়ি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের বাড়ি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন বেগমের বাড়িসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

পরে বিকালে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে শেরপুর শহরে আনন্দ মিছিল শুরু হয়। এরপর বিকাল সাড়ে চারটার দিকে জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালায়। তখন দুর্বৃত্তরা কারাগারের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং লুটপাট চালায়। এ সময় কারাগারে থাকা ৫২৭ জন আসামি পালিয়ে যায়।

শেরপুরের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল খায়রুম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় সব আসামি পালিয়ে গেছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading