স্টোকসকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড

স্টোকসকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ০৭:০০

মাঝে লম্বা সময় ইনজুরিতে ভুগেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। একই কারণে মাঠের বাইরে ছিলেন নিয়মিত বিরতিতে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ছিলেন কেবল ব্যাটসম্যানের ভূমিকায়। অলরাউন্ড সত্তা ফিরে পেতে নিজেকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরিয়ে নিয়েছিলেন। এরপর ধীরে ধীরে বোলিংয়ে ফেরা এই তারকা এবার বড় দুঃসংবাদ দিলেন ইংলিশদের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ খেলার সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।

বাঁ পায়ের এই চোট শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে দিয়েছে স্টোকসকে। নর্দার্ন সুপারচার্জার্সের ম্যাচে চোট পেয়ে তিনি গতকাল মাঠ ছেড়েছিলেন অশ্রুভেজা চোখে। তার পায়ের চোট যে গুরুতর সেটি তার প্রতিক্রিয়া দেখেই টের পাওয়া গিয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা এলো স্ক্যান প্রতিবেদন পাওয়ার পর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ২১ আগস্ট থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। এই সিরিজে স্টোকসের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ওলি পোপ। বিবৃতিতে ইসিবি বলছে, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ছিটকে গেছেন। গত রোববার হান্ড্রেডের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের পর মাঠ ছেড়েছিলেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না স্টোকস। তবে আশা করা হচ্ছে এই অলরাউন্ডার অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ফিরবেন।

পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজ শুরু হবে ৭ অক্টোবর থেকে। এদিকে, লঙ্কানদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ইংলিশরা তারকা ওপেনার জ্যাক ক্রাউলিকেও পাচ্ছে না। আঙুুলে চিড় ধরায় তিনি ছিটকে গেছেন এই সিরিজ থেকে। এ ছাড়া হান্ড্রেডে কিছুটা চোটের অস্বস্তিতে ছিলেন আরেক ইংলিশ পেসার ক্রিস ওকস। স্টোকসের চোট নিশ্চিত হওয়ার পর তাকেও সতর্কতা স্বরূপ ওই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে ইসিবি।

অন্যদিকে, স্টোকসের জায়গায় ইংল্যান্ড দলে কে ফিরবেন সেটি এখনও জানানো হয়নি। তার অনুপস্থিতিতে টেস্টে অভিষেক হতে পারে জর্ডান কক্সের। একাদশে জায়গা পেলে তাকে ৬ নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে। এ ছাড়া ৬-৭ নম্বর পজিশনে ক্রমোন্নতি হতে পারে জেমি স্মিথ ও ক্রিস ওকসের। বাড়তি পেসার বিবেচনায় দলে ডাক পেতে পারেন ম্যাথু পটস কিংবা ওলি স্টোন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading