আনিসুল ও সালমান এফ রহমানের হাতে দড়ি
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ০২: ৩০
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের পর দড়ি দিয়ে তাদের হাত বাঁধা হয়। এমন একটি ছবি ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে গ্রেফতার হওয়ার পর পরই এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
এই ছবি নিজস্ব টাইমলাইনে শেয়ার দিয়ে পোস্ট করছেন অনেকে। একজন লিখেছেন, তাদের করুণ অবস্থা দেখে ধনী হওয়ার ও ক্ষমতার লোভের স্বাদ মিটে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন- গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।
নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন বলে ভারতীয় মিডিয়ায় দাবি করা হয়।
ইউডি/এসআই

