রিমান্ড মঞ্জুরের পর ডিবি কার্যালয়ে টুকু, পলক ও সৈকত

রিমান্ড মঞ্জুরের পর ডিবি কার্যালয়ে টুকু, পলক ও সৈকত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৭: ২০

হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুরের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান।

তিনি বলেন, রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হলে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। রিমান্ড আদেশ শেষে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল সাড়ে ৫ টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

এদিন বিকেল ৩টা ৪০ মিনিটে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তা মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading