ড. ইউনূসকে চিঠি, যা লিখলেন পাক প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে চিঠি, যা লিখলেন পাক প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, আপডেট ২৩: ১০

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আরও একবার অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার আশা প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক চিঠিতে এই অভিনন্দন জানান তিনি।

চিঠিতে পাক প্রধানমন্ত্রী বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার নিয়োগ বাংলাদেশের জনগণের বিশেষ করে যুবকদের আপনার দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের প্রতি যে আস্থা রয়েছে তার সাক্ষ্য বহন করে।

শেহবাজ শরিফ আরও বলেছেন, বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে পাকিস্তান অত্যন্ত মূল্যায়ন করে। আমরা আন্তরিকভাবে বাংলাদেশে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা রাখি, যা আমাদের দুই দেশের স্বার্থ রক্ষা করতে পারে এবং তাদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে পারে।

‘এ বিষয়ে আমি আগামী দিনে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। বিশেষত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে। আমি বিশ্বাস করি, আমাদের দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলো সক্রিয়ভাবে অন্বেষণ করতে হবে’, বলেন পাক প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে পাকিস্তানের জনগণ ও সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের দৃঢ় মনোবল এবং ঐক্য তাদের একটি উজ্জ্বল ও সুরেলা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading