বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক
উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, আপডেট ০১:০০
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার প্রাক্কালে সিলেটের কানাইঘাট সীমান্তে তাকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিজিবি সদর দপ্তরের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি।
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। ওই সূত্র জানায়, ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিজিবির একটি টহল দল তাকে আটক করে।
কানাইঘাট উপজেলার ডনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মহিবউল্লা রাত ১২টার দিকে জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তখন পর্যন্ত তাদের ক্যাম্পেই আছেন।
তবে আরেকটি সূত্র দাবি করেছে, কানাই ঘাট সীমান্ত দিয়ে ইন্ডিয়ায় যাওয়ার সময় স্থানীয়রা বিচারপতি মানিককে আটক করে বিজিজির কাছে হস্তান্তর করে। তার দুই হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইউডি/এসআই

