শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন: মির্জা ফখরুল

শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, আপডেট ২০:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজকে ব্যাহত এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।

রবিবার (২৫ আগস্ট) বিকেলে ‘হোটেল গ্র্যান্ড সিলেটে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্রছাত্রী ও আমজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক সরকারের প্রধান শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাবার পর নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, অতীতের সকল জঞ্জাল সাফ করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশকে নতুন আঙ্গিকে গড়ে তোলার কাজ চলছে। কিন্তু পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজকে ব্যাহত করার চেষ্টা করছেন।

মির্জা ফখরুল বলেন, এ থেকে প্রমাণ হয়, এই দলটি কখনও বাংলাদেশকে সুশাসনের দেশ হিসেবে নির্মাণের চেষ্টা করেনি। ১৯৭২ সালের পরবর্তীতে তারা জনগণের সরকার গঠন না করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। এই দলটিই ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একের পর এক ধ্বংস করে দিয়ে আবারও বাকশাল কায়েম করার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিল।

বিএনপি মহাসচিব সর্বস্তরের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের মানুষের আকাক্সক্ষা বুঝতে পেরে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়েছে। এর ফলে নতুন বাংলাদেশ গড়ার উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বন্যার্তদের সাহায্য করার জন্য দেশব্যাপী মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের যে স্পিরিট তৈরি হয়েছে সেটাই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।

এ সময় তিনি প্রত্যাশা করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পতিত স্বৈরাচারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিবেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading