সস্ত্রীক নাফিজ সরাফাত ও নজরুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, আপডেট ২০:৩০
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সেইসঙ্গে নাফিজ সরাফাতের স্ত্রী আঞ্জুমান আরা সাহিদ ও নজরুল ইসলামের স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাবও অবরুদ্ধ রাখতে বলা হয়েছে।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বৃহস্পতিবার এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ।
বিএফআইইউ চিঠিতে বলেছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হল।
এর আগে বৃহস্পতিবার পুঁজিবাজারে নাফিজ সরাফাতের বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
ইউডি/এবি

