সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, আপডেট ২২:৩০
জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে থাকা আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা; অন্তত ১৫ জনকে আহত অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
রবিবার (২৫ আগস্ট) রাত ৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে এসে একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে আনসারদের ধাওয়া করেন।
আনসাররাও সংঘটিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করতে দেখা যায় আনসার সদস্যদের।
এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে শিক্ষা চত্বরে অবস্থান নেন। অপরদিকে আনসাররা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে সচিবালয়ের ভেতরে অবরুদ্ধ করে রেখেছেন আনসাররা। এখবর শুনে তাদের উদ্ধার করতে আসেন শিক্ষার্থীরা।
কিছুক্ষণ পর শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় ওই এলাকা থেকে সরে যান আনসার সদস্যরা। তখন সচিবালয় শিক্ষার্থীদের দখলে চলে যায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে পেশাজীবীদের বিভিন্ন পক্ষের আন্দোলনের মধ্যে বুধবার মাঠে নামে আনসার সদস্যরা।
আর দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে তারা রাজি নন; চাকরি জাতীয়করণের দাবিতে সেদিন থেকেই প্রতিদিন তারা রাস্তায় বিক্ষোভ করছেন।
ইউডি/এবি

