নির্বাহী আদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৫০
গণশুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)।
মঙ্গলবার (২৭ আগস্ট) এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গেজেট জারি করা হয়েছে। গেজেটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ৩৪ (ক) বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করার কথা জানানো হয়।
এখন থেকে এটি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ নামে অভিহিত হবে। এই আইনের ৩৪-এর ‘ক’ ধারা অনুযায়ী, ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হওয়ায় এখন থেকে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে।
বিইআরসি’র সচিব (যুগ্মসচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান জানান, এতে করে যে কারণে রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছে তা পুরোপুরি কার্যকর হবে। দাম নির্ধারণের জনগণের সম্পৃক্ততা থাকবে। তাদের অভিযোগ আমলে নিয়ে দাম নির্ধারণ করার প্রক্রিয়া, সেটি আবার ফেরত এল। জনগণের ক্ষমতা আবার জনগণের কাছে ফেরত এল।
তিনি আরও বলেন, সব পর্যায়ের ভোক্তা এবং অংশীজনের সমন্বয়ে এখন থেকে শুনানি হবে। শুনানিতে তাদের পরামর্শ, মতামত, অভিযোগ আমলে নিয়ে বিদ্যুৎ জ্বালানি দাম নির্ধারণ হবে। আগে এই কার্যক্রম শেষ করতে ৯০ দিন সময় লাগতো পরে তা কমিয়ে ৬০ দিন নির্ধারণ করা হয়। সেটিকে আমরা ৩০ দিন বা আরও কম সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব।
ইউডি/এবি

