এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৪০
বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৯ আগস্ট)আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
নতুন করে ব্যাংকটিতে তিনজন শেয়ারধারী পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ২০০৭ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। একই সঙ্গে তিনি প্রায় দেড় দশক ধরে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বে রয়েছেন।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এক্সিম ব্যাংকের পুরোনো পর্ষদ ভেঙে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন শেয়ারধারী পরিচালক মো. নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা। শেয়ারধারী এই তিন পরিচালকের কেউ কেউ আগেও ব্যাংকটির পর্ষদে ছিল। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ খন্দকার মামুনকে। নতুন নিয়োগ পাওয়া পাঁচ পরিচালকের মধ্য থেকে ব্যাংকটির চেয়ারম্যান নিযুক্ত হবেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতের জন্য জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।
ইউডি/এবি

