আমিরাতের প্রেসিডেন্টের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা

আমিরাতের প্রেসিডেন্টের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২২:০০

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালত সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) আরব-আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরব-আমিরাতের কয়েকটি শহরে বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশি- যারা সাজাপাপ্ত হয়েছিলেন- তাদের প্রতি সহানুভূতিশীল সিদ্ধান্ত এবং আপনার মহানুভবতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত ২৮ আগস্ট আরব-আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে ফোনালাপে অধ্যাপক ইউনূস সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করার অনুরোধ জানান। এ প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন, এই ক্ষমাশীলতা ইউএই প্রেসিডেন্টের কেবল সহানুভূতিশীল নেতৃত্বের উদাহরণ নয়, বরং এই পদক্ষেপ দুই দেশের বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যম হিসেবে কাজ করবে।

অধ্যাপক ইউনূস তার চিঠিতে উল্লেখ করেন, আপনার উদার সিদ্ধান্তে তাদের শাস্তি বাতিল হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জেগেছে, একইসাথে আরব-আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যেও স্বস্তি ফিরেছে। আপনার সহানুভূতি ও আন্তরিক বোঝাপড়া আমাদেরকে গভীরভাবে স্পর্শ করেছে।

ড. ইউনূস এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি পূর্ণ সম্মান প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর আগে স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষিত করার প্রতিশ্রুতি দেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading