শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্তা বন্ধের নির্দেশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২২:৩০
শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্তা বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নির্দেশনা দেয়।
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বল প্রয়োগ করা যাবে না বলে এর আগে গত ২৫ আগস্ট নির্দেশনা দেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওই দিনই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু এর পরও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এবার শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্তা বন্ধের নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পদত্যাগ বা অপসারণের ঘটনা ঘটে। বিদ্যমান পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করে পত্র জারি করা হয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এখনও শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনস্তা করার ঘটনা ঘটছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইউডি/এবি

