ব্যাংক খাতের উন্নয়নে তিন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
উত্তরদক্ষিণ। বুধবার (০৪ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০
ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে খেলাপির দিক থেকে নন-পারফর্মিং লোন ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংকের স্ট্রেনদেনিং প্রজেক্ট ও লিগ্যাল ফ্রের্মওয়ার্ক-এই তিন ক্ষেত্রে আলাদা আলাদা টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-এমডি ও অ্যাসোসিয়েন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি এর চেয়ারম্যান সেলিম আর এফ রহমান এই তথ্য দিয়েছেন।
বুধবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকার্স সভার পর সাংবাদিকদের উদ্দেশে কথা বলছিলেন তিনি।
ব্যাংকার্স সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংক খাতের সংস্কার নিয়ে যে আলোচনা চলছিল, এবিবি চেয়ারম্যান সেলিমের কথায় তার কার্যকারিতা শুরু হওয়ার বিষয়ে ধারণা পাওয়া গেল।
টাস্কফোর্স তিনটি গঠনে কত সময় লাগবে, তা এখনও ঠিক করা হয়নি জানিয়ে সেলিম বলেন, এসব টাস্কফোর্সে দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এক্সপার্টদের রাখা হবে। এই টাস্কফোর্স হবে আন্তর্জাতিক মানের। ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ থেকেও এক্সপার্ট আসতে পারেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গভর্নর চান বাজারভিত্তিক সুদের হার। তিনি চান বাজারকে প্রভাবিক না করে ডিমান্ড ও সাপ্লাইয়ের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে, তাতে বাজার স্থিতিশীল হবে।
ইউডি/এবি

