ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত বিজয় ধরে রাখতে হবে: মামুনুল হক
উত্তরদক্ষিণ। রবিবার (১৫ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:০৫
বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করেছে। তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ও অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ আয়োজন করে খেলাফতে মজলিশ দিনাজপুর জেলা শাখা।
গণসমাবেশে মামুনুল হক বলেন, বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের ক্ষোভের মুখে ফেলে দিয়ে স্বার্থপরের মতো নিজে দেশ ছেড়ে পালিয়েছেন। এই পরাজিত শক্তি আবারও ছোবল দিতে পারে। তাই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
‘যারা বলেছিলেন, শেখ হাসিনা পালায় না, সেই নেতারা, এখন কীভাবে মুখ দেখাবেন। আওয়ামী লীগের বিচার হতে হবে। কারণ তারা জেনে বুঝে শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ মহিলাকে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছিলেন।’
ইউডি/এবি

