ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু
উত্তরদক্ষিণ। বুধবার (১৮ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২০:০০
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে চলতি বছর একদিনের হিসেবে সর্বোচ্চ ছয়জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ওই ছয়জন মারা গেছেন। এর আগে মঙ্গলবার পাঁচজন এবং ১০ সেপ্টেম্বরও পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছিল অধিদপ্তর।
সবমিলিয়ে ডেঙ্গুতে চলতি বছর ১১৯ জনের মৃত্যু হয়েছে। আর গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন ভর্তি ৮৬৫ জনসহ এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৯ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৯৩ জন, ঢাকা বিভাগে ১২১ জন, চট্টগ্রামে ১৪৫ জন, বরিশালে ৪৬ জন, খুলনায় ৯৪ জন, ময়মনসিংহে ১৮ জন রাজশাহী বিভাগে ২০ জন এবং রংপুর বিভাগের হাসাপাতালগুলোতে ২৮ জন ভর্তি হয়েছেন। রাজশাহী ও সিলেট বিভাগে গত একদিনে ডেঙ্গু নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি।
দেশে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে বছরের আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যুও হয়েছে বেশি। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮ হাজার ২৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয়েছে ৩৬ জনের।
এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।
ইউডি/এবি

