ছুটির দিনে ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনে ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১০:৪৫

বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৪৪। বাতাসের এই মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

আজ শুক্রবার ছুটির দিনে যানবাহন চলাচল কম থাকে, বেশির ভাগ কলকারাখানাও বন্ধ। তাই দূষণের উৎস কম। কিন্তু এরপরও দূষণ পরিস্থিতি ভালো নয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আজ সকাল সাড়ে নয়টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ইরাকের বাগদাদ। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭১।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় ও মিসরের কায়রো সিটি। দুই শহরের স্কোর ১৫৬ ও ১৫২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

দূষণ রোধে পরামর্শ
ঢাকায় আজ বায়ুদূষণের যে অবস্থা, সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে সংবেদনশীল গোষ্ঠীর মানুষ বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।

বায়ুদূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading