ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
উত্তরদক্ষিণ। রবিবার (২২ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রবিবার (২২ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে।
ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে—এ ধরনের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিএফআইইউ।
এর আগে গত ২৭ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি। তখনও ব্যাংকগুলোর কাছে ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল বিএফআইইউ। অবশ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদেরকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, সে সম্পর্কেও জানা যায়নি।
বিএফআইইউ’র নির্দেশনায় ওবায়দুল কাদেরের পিতা-মাতার নাম, স্ত্রীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে।
ইউডি/এবি

