২০২৫ আইপিএল কী খেলবেন ধোনি

২০২৫ আইপিএল কী খেলবেন ধোনি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, আপডেট ১১:০০

আগের মৌসুমের সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে ৫ জনকে রিটেনশন করা যাবে। আর একজনকে নেওয়া যাবে ‘রাইট টু ম্যাচ’ নিয়মে। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এমন সিদ্ধান্ত আসে। এরপর থেকে শুরু হয় জল্পনা ধোনিকে আরেকবার দেখা যাবে চেন্নাইয়ের জার্সিতে। কিন্তু হলুদ জার্সিতে ধোনিকে আর দেখা যাবে কি না সেটা নিশ্চিত নয়।

কেননা ২০২৫ আইপিএলের আগে এখনও ধোনি নিশ্চিত করেননি তার থাকা বা না থাকা নিয়ে। চেন্নাই আনক্যাপড প্লেয়ারকে ধরে রাখার নিয়ম ব্যবহার করবে কি না সেটাও নিশ্চিত নয়। এদিকে জানা যায়, ধোনির সঙ্গে নাকি যোগাযোগই করতে পারছে না সিএসকে। আইপিএলের রিটেনশনের তালিকা জমা দেওয়া শেষ দিন ৩১ অক্টোবর।

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন একটি সাক্ষাৎকারে ধোনিকে ধরে রাখার প্রসঙ্গে বলেন, “এই মুহূর্তে আমরা সত্যিই কিছু জানি না। ধোনির ক্ষেত্রে আমরা আনক্যাপড ক্রিকেটারের নিয়ম ব্যবহার না-ও করতে পারি। এই বিষয়ে এত তাড়াতাড়ি কিছু বলতে পারব না। কারণ ধোনির সঙ্গে যোগাযোগই করতে পারছি না আমরা। ওর সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি।”

তিনি আরও যোগ করে বলেন, “ধোনি আমেরিকায় ছিল। তাই ওর সঙ্গে কথা হয়নি। এই সপ্তাহে আমি আমেরিকায় যাচ্ছি। আশা করছি আগামী সপ্তাহে ওর সঙ্গে যোগাযোগ করতে পারব। তার পরে হয়তো এই বিষয়টা স্পষ্ট হবে।”

২০১৯ সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর থেকে তিনি শুধু আইপিএলে খেলছেন। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, কোনও প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর আইপিএলে ক্যাপড প্লেয়ার হিসেবে গণ্য হবেন না। বদলে তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসাবে ধরা হবে। সেই নিয়ম অনুযায়ী, ধোনির বেতন হবে ৪ কোটি টাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading