সহিংসতার মামলায় মুক্ত ইমরান খান ও পিটিআই নেতারা
উত্তরদক্ষিণ। রবিবার (২০ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৫৫
সহিংসতার এক মামলায় মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরসহ দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।
‘হাক্বিকি আজাদি মার্চ’ নামে পরিচিত মামলায় শনিবার (১৯ অক্টোবর) তাদের মুক্তি দেন ইসলামাবাদের একটি আদালত।
চলতি বছরের ২৫ মার্চ পিটিআইয়ের ‘হাক্বিকি আজাদি মার্চ’ সম্মেলন ঘিরে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় মে মাসে সেক্রেটারিয়েট থানায় একটি মামলা দায়ের করা হয়।
শনিবার অভিযুক্ত ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখে তাদের খালাসের আবেদন গ্রহণ করেন আদালত। একে পাকিস্তানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।
ইসলামাবাদ আদালতের বিচারক শাহজাদ খান বলেন, এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে খালাস দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করা হচ্ছে।
ইমরান খান ও গান্দারপুর ছাড়াও এ মামলায় খালাস পাচ্ছেন পিটিআই নেতা ইমরান ইসমাইল, রাজা খুররম শাহজাদ নেওয়াজ ও আলী নেওয়াজ আওয়ান।
এ মামলায় খালাস পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এই নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার মামলায় শুনানি চলছে। এ মামলার কোনো অগ্রগতি হয়নি।
তোশাখানা মামলায় গত শনিবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির শুনানি ২২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন ইসলামাবাদের জবাবদিহি আদালত।
ইউডি/এবি

